
সোনারগাঁ প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুরা বাজারে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাজারে প্রবেশ করে পাহারাদারদের জিম্মি করে পরপর পাঁচটি দোকানে ডাকাতি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ডাকাত দল বাজারে প্রবেশের পর প্রথমে সেখানে থাকা পাহারাদারদের মুখে কাপড় পেঁচিয়ে দেয় এবং তাদের নিয়ন্ত্রণে নেয়। এরপর সংঘবদ্ধভাবে বাজারের বিভিন্ন দোকানে প্রবেশ করে লুটপাট শুরু করে।
ডাকাতির শিকার দোকানগুলো হলো—ইমাম স্বর্ণ শিল্পালয়, কাকন স্বর্ণ শিল্পালয়, জজ মিয়া স্টোর, শামীম ইলেকট্রনিক্স ও ইসলাম ফার্মেসি।
অভিযোগ রয়েছে, ডাকাতরা এসব দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। বিশেষ করে স্বর্ণের দোকান দুটিতে কী পরিমাণ স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দোকানগুলোর মালামালের হিসাব সম্পন্ন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় অলিপুরা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংঘবদ্ধভাবে একের পর এক দোকানে ডাকাতির ঘটনায় বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।