1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিশু হত্যার ঘটনায় আড়াইহাজারে তৎপর পুলিশ, গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫২ বার পঠিত

আড়াইহাজার প্রতিনিধি হুমায়ুন কবির সাদী: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেড় বছর বয়সী শিশু মার্জিয়া আক্তার মাইশার মৃত্যুর ঘটনায় প্রায় দুই মাস পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেলে আড়াইহাজার উপজেলার কুমারবাগ এলাকায় নিজ বাড়ির উঠানে খেলছিল মাইদুলের দুই মেয়ে মীম আক্তার ও মার্জিয়া আক্তার মাইশা। কিছুক্ষণ পর শিশুটির মা মরিয়ম বেগম ঘরের কাজ শেষ করে বাইরে এসে ছোট মেয়ে মাইশাকে দেখতে পাননি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় শিশুটির বাবা আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর ২২ জুন সকালে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিল। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটির মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে এবং এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় শিশুটির বাবা মাইদুল বাদী হয়ে রোববার রাতে ছয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোছা. শিউলি (৩৫), মো. আতিকুল কাজী (৩২), মো. শান্ত কাজী (২৩) ও মো. হাবিব কাজী (২১)।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, বাড়ির সীমানা নিয়ে আসামিদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই বিরোধের জেরে আসামিরা শিশুটিকে মাথায় আঘাত করে হত্যা করে এবং মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানিয়েছেন, তদন্তের প্রতিবেদনে শিশুটির মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি স্পষ্ট হওয়ার পর নতুন করে হত্যা মামলা করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা তদন্ত করে দেখা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে শিশু মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে উঠে আসায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park