
বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানার মোড় থেকে শুরু করে চৌরাস্তা ও কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সড়কে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল করে হকারদের দোকান বসানো এবং সড়কের পাশে অটো রিকশা দাঁড়িয়ে থাকার কারণে সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছেন। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
বিশেষ করে অফিস ও স্কুল-কলেজে যাতায়াতের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। যানজটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘসময় রাস্তায় আটকে থাকতে হয়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীবাহী যানবাহনও ভোগান্তিতে পড়ছে।
পথচারীরা জানান, আড়াইহাজারকে যানজটমুক্ত করতে হলে ফুটপাত দখলমুক্ত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। তারা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর দাবি, সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে অবৈধ হকার উচ্ছেদ ও অটোরিকশা নিয়ন্ত্রণ করা গেলে একটি যানজটমুক্ত ও স্বস্তির আড়াইহাজার গড়ে তোলা সম্ভব।