
বর্তমান নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় লাইসেন্সবিহীন ও বিধিবহির্ভূতভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘আহিল ডায়াগনস্টিক সেন্টার’-এর নানা অনিয়ম উঠে আসে। অভিযানে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকা, নির্ধারিত স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মকানুন অমান্য করে সেবা প্রদানসহ একাধিক অভিযোগের সত্যতা পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসব অনিয়মের কারণে ‘মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরি অধ্যাদেশ ১৯৮২’ অনুযায়ী ৫ হাজার টাকা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী ৯৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ টাকা।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং স্বাস্থ্যসেবায় নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন। একই সঙ্গে জনস্বার্থে স্বাস্থ্যসেবা খাতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়।
এ অভিযানের সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।