
বর্তমান নিউজ ডটকম: নারায়ণগঞ্জ শহরের কালিবাজারে অবস্থিত বিক্রমপুর রেক্সিন এন্ড কার্পেট হাউজে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক জনাব তরুণ কুমার সাহার অনুপস্থিতিতে দোকানের স্টাফ পলাশ বেশ কয়েক রোল গ্রাস কার্পেট চুরি করে নিয়ে যায়।
সিসিটিভি ফুটেজের মাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত হলে মালিক চোরকে আইনি ব্যবস্থার কথা জানালে, চোর চুরি করা মাল ফেরত এনে দেয়। তবে তদন্তে জানা যায়, পলাশ চুরি করা কার্পেট নিকটবর্তী এক প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে।
এ ঘটনায় মালিক অভিযোগ করেন, প্রভাবশালী ওই ব্যক্তি ঘটনার ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ না নিতে নানা ধরনের হুমকি-ধামকি দিচ্ছেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় চোরাই মাল কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী ওই ব্যক্তি শুধু চুরি করা মাল কিনেই থেমে থাকেন না, বরং পুরো এলাকায় চোরাই মাল কেনাবেচার হোতা হিসেবে পরিচিত।
অনুসন্ধানী সূত্র জানায়, শীঘ্রই এ চক্রের হোতার বিস্তারিত তথ্য-প্রমাণসহ পরবর্তী সংবাদ প্রকাশ করা হবে।