1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

আ.লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান নেই: রাষ্ট্রদূত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান বা মন্তব্য নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং সহিংসতা বর্জন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।

রাষ্ট্রদূত বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখা প্রয়োজন।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইইউ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের গভীরতা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ ও সংস্থাটির সদর দপ্তরেও আলোচনা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ইইউর যোগাযোগ অব্যাহত রয়েছে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের সুবিধা নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। তবে ভবিষ্যতে শ্রম ব্যয় বাড়লে এ সুবিধা ধরে রাখা কঠিন হতে পারে।

তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষ হলে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের পণ্যে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হতে পারে। এতে তৈরি পোশাক খাতে প্রতিযোগিতার চাপ বাড়বে।

এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, সার্কুলার ইকোনমির চর্চা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতা সম্পর্কের পরিবর্তে অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায়। এ সম্পর্কের সম্ভাবনা অনেক বেশি এবং চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park