
বর্তমান নিউজ ডেস্ক
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ চার আসামির অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়নি। শুনানি অসমাপ্ত থাকায় আগামী ২৬ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় মোট আসামি ৪১ জন। সোমবার প্রথমে পলাতক সাত আসামির পক্ষে অব্যাহতির আবেদন নিয়ে শুনানি শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। এরপর সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের পক্ষে অব্যাহতির আবেদন জানান আইনজীবী মোস্তাফিজুর রহমান। পরে ইনু, দীপু মনিসহ চার আসামির পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তবে শুনানি শেষ না হওয়ায় তা ২৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
এদিন সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় ইনুসহ ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের মধ্যে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী। এ ছাড়া সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকেও হাজির করা হয়। নিরাপত্তাজনিত কারণে একই মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি হাজিরা দেন।
এর আগে গত ১৬ নভেম্বর পলাতক সাত আসামির অব্যাহতির আবেদন নিয়ে শুনানি শুরু করেন আমির হোসেন। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।
গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিন তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগ পড়ে শোনানোর পাশাপাশি মামলার পটভূমি তুলে ধরেন।
এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউশনের অভিযোগে দুটি ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ব/নি-ব/জ