1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট: বিমানমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

পাইলট হওয়ার সুযোগ আর নির্দিষ্ট কোনো পরিবার বা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের যেকোনো প্রান্তের তরুণ-তরুণী যেন পাইলট হওয়ার সুযোগ পান, সে লক্ষ্যে ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগে পাইলটের ছেলে পাইলট হতো। এখন যেন একজন কৃষকের সন্তানও পাইলট হতে পারেন, সেই লক্ষ্যেই ট্যালেন্ট হান্টের মাধ্যমে সুযোগ উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের যেকোনো প্রান্তের একজন যোগ্য প্রার্থী পাইলট হওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, দেশের শিক্ষার মান যে পর্যায়ে নেমে গিয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটাতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত প্রয়োজন। সরকার বিভিন্ন ক্ষেত্রে যোগ্য ও দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করছে। শুধু বিমান পরিবহন মন্ত্রণালয় নয়, প্রতিটি মন্ত্রণালয়েই ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করে দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু জেলা পর্যায়ে নয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা উচিত। এর মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতের যোগ্য জনবল ও নেতৃত্ব তৈরি করা সম্ভব হবে। এ সময় তিনি এমন আয়োজনের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি, সৃজনশীলতা, উপস্থাপন দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘যুক্তিতে মুক্তি, সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ’—এ বিষয়ে অনুষ্ঠিত বিতর্কে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। জেলার ১৩টি উপজেলা থেকে দুটি করে ২৬টি দল এবং সদর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা থেকে ছয়টি দলসহ প্রাথমিক পর্যায়ে মোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ের বাছাই শেষে জেলা পর্যায়ে ১৬টি দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে ছিলেন তিনজন করে বিতার্কিক।

গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, মুকুল নিকেতন স্কুল, প্রিমিয়ার আইডিয়াল স্কুল এবং তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ের বিতর্কের বিষয় ছিল ‘ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা কর্মসূচির চেয়ে ব্যক্তিগত সচেতনতা বেশি কার্যকর’। জেলা পর্যায়ের বিভিন্ন পর্বে খেলাধুলার গুরুত্ব, প্রযুক্তিনির্ভরতার প্রভাব, বিদ্যালয়ে মিড ডে মিলের কার্যকারিতা, পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে নাগরিকের দায়বদ্ধতা, অপরাধ দমনে নৈতিক শিক্ষার ভূমিকা এবং মাদক প্রতিরোধে পরিবারের দায়িত্বসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।

কোয়ার্টার ফাইনালে অপরাধ দমনে কঠোর শাস্তির চেয়ে নৈতিক শিক্ষার প্রসারের কার্যকারিতা এবং মাদক প্রতিরোধে পরিবারের মুখ্য ভূমিকা নিয়ে বিতর্ক হয়। সেমিফাইনালে ডিজিটাল ডিভাইসের ব্যবহার শিক্ষার্থীদের বইবিমুখ করছে কি না এবং কোচিং ও গাইডবই প্রকৃত জ্ঞানার্জনের পথে বাধা কি না, এসব বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন পর্যায়ে শিক্ষা উপকরণভিত্তিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। চ্যাম্পিয়ন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এক লাখ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ এবং রানার্সআপ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ পাবে। এ ছাড়া রাউন্ড অব সিক্সটিনে অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিকের জন্যও উপহারের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ আমন্ত্রিত অতিথিরা।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park