
বর্তমান নিউজ ডেস্ক
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে নতুন করে ঋণের বোঝায় না ফেলে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থা এখনো অপ্রতুল। এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিতে পারছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
তিনি বলেন, ‘জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়। নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তাও প্রয়োজন।’
সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাবও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মূল ভিত্তি হিসেবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
তিনি বলেন, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগও উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে। পাশাপাশি পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে।
এ ছাড়া উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন প্রত্যাশা করে। সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে, বৈশ্বিক সংহতি জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের পর্যটননগরী আনতালিয়ায় চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। সোমবার (৯ নভেম্বর) শুরু হওয়া ১১ দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সভাপতিত্ব করছেন। অন্যদিকে আলোচনাপর্বে সভাপতির দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন।
সম্মেলনের গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হচ্ছে ১১ ও ১২ নভেম্বর। এতে অংশ নেওয়ার পাশাপাশি সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ নভেম্বর শেষ হবে এবারের কপ-৩১ সম্মেলন।
ব/নি-ব/জ