1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

জাবির ডেইরি গেটে ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের হুমকি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান প্রবেশপথ ডেইরি গেটে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আকস্মিক এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জনের একটি দল ডেইরি গেটে আসে। এরপর তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের গুলি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম জানান, ভোর ৪টা ৫৮ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন হঠাৎ ডেইরি গেটে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। ঘটনার সময় পুলিশ ওই এলাকায় টহলে ছিল। পুলিশ ডেইরি গেট থেকে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে কয়েক মিনিটের মধ্যেই দলটি এ ঘটনা ঘটিয়ে দ্রুত সরে পড়ে।

প্রক্টর আরও জানান, ঘটনার পরপরই সাভার থানা ও আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সম্পর্কে পাওয়া তথ্যও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে ঘটনাটি জানানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পুলিশকে টহল ও নজরদারি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান। তিনি বলেন, প্রধান ফটকের নিরাপত্তাব্যবস্থা কতটা দুর্বল হলে নিরাপত্তাকর্মীদের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তালা ঝুলিয়ে দিতে পারে, তা এ ঘটনা থেকেই স্পষ্ট হয়েছে। এর আগেও ডেইরি গেটে পোস্টার লাগানো এবং বিভিন্ন কর্মসূচি পালনের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

জিয়া উদ্দিন আয়ান আরও বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন ছাত্রসংগঠন ও অংশীজনদের অনুষ্ঠিত সভায় নিরাপত্তা জোরদারের বিষয়ে একাধিক দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত আনসার ও নিরাপত্তাকর্মী নিয়োগ, নিয়মিত টহল বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং অরক্ষিত প্রবেশপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। তার মতে, শুধু সভা বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ঘটনার কিছুক্ষণ আগেও ওই এলাকায় পুলিশের টহল দল দায়িত্ব পালন করছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে অন্তত তিনজন করে আনসার সদস্য মোতায়েন করা হলে নিরাপত্তার দায়িত্ব পালনে সুবিধা হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা অনুমোদিত অস্ত্র ব্যবহারের সুযোগও পাবেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর করা সম্ভব হবে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park