
বর্তমান নিউজ ডেস্ক:
বিগত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়কে শিক্ষার পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফা অর্জনের কেন্দ্রে পরিণত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধু দেশে কতটি বিশ্ববিদ্যালয় রয়েছে, তা দিয়ে পরিমাপ করা যায় না। বরং শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং সম্মানজনক কর্মসংস্থানের সুযোগই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি। দেশের উচ্চশিক্ষাব্যবস্থাকে বর্তমান অবস্থা থেকে বের করে এনে আরও মানসম্মত ও যুগোপযোগী করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাব্যবস্থা বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে রয়েছে। শিক্ষার সুযোগ, মান এবং অর্জিত দক্ষতার ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য বিদ্যমান। এসব বৈষম্য দূর করতে একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন। বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তবে এ অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না বলেও উল্লেখ করেন তিনি।
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষার সুযোগ বাড়াতে হবে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তুললে হবে না। তাদের দক্ষ কর্মী, উদ্যোক্তা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম মানুষ হিসেবে তৈরি করতে হবে। শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান যেন বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগে, সে বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোকে নিশ্চিত করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রভাব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন কর্মজগতের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। বর্তমানে যে জ্ঞান ও দক্ষতা নিয়ে মানুষ কাজ করছে, কয়েক বছর পর সেই কাজের জন্য সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে। তাই শুধু একটি ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়; প্রতিনিয়ত নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি বলেন, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে।
প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সতর্ক করে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।
সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সমাবর্তন শুধু একটি সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকারও। ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।
রাষ্ট্রপতি আরও বলেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের একটি সুবিধাপ্রাপ্ত অংশ। তাদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রকে অনেক বিনিয়োগ করতে হয়েছে। তাই দেশ ও পরিবারের প্রত্যাশাও তাদের কাছে বেশি। একজন স্নাতকের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনের মাধ্যমে মূল্যায়ন করা যায় না; বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, সেটিই হওয়া উচিত প্রকৃত সাফল্যের মাপকাঠি।
তিনি শিক্ষার্থীদের সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকার পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এবারের সমাবর্তনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।
ব/নি-ব/জ