
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
গরু জবাইয়ের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের গুজরাটের গান্ধীনগরের কলোল জেলা আদালত। তাঁদের প্রত্যেককে তিন লাখ রুপি করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক গরুকে ‘বিশ্বমাতা’ হিসেবে উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রায় ঘোষণার সময় বিচারক প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্র মনুস্মৃতি থেকে সংস্কৃত শ্লোক পড়ে শোনান। ওই শ্লোকে গরুকে বিশ্বমাতা ও বিশ্বের কল্যাণের প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওয়াসিম সাহাবুদ্দিন বাবু কুরাইশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলীভাই কুরাইশি এবং আশফাক ওরফে সালমান আল্লারখা আব্দুল বেহলিম। তাঁদের গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনে সাজা দেওয়া হয়েছে।
২০২৪ সালের আগস্টে গান্ধীনগরের জামলা গ্রামে ২৭৭ কেজি গরুর মাংকসহ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জামলা গ্রামের ধাঙ্কিনশ এলাকার একটি বাড়িতে গরুর মাংস থাকার বিষয়ে গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। বাড়ি থেকে ধারালো ছুরি, মাংস মাপার পাল্লা ও পরিবহনের কয়েকটি গাড়ি উদ্ধার করা হয়। সেখানে জীবিত গরুও পাওয়া যায়, যেগুলো পরে স্থানীয় গরু আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।
সূত্র: এনডিটিভি