
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বর্তমান নিউজ।
আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দলটির নেতাকর্মীদের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও নেতাকর্মীদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। পরে মিছিলটি সমাবেশে রূপ নেয়।
সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দেশের জনগণের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তারা রাজপথে সক্রিয় রয়েছেন। তারা বলেন, জনগণের ওপর কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। নারায়ণগঞ্জেও সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।