
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রকে আধুনিক ও পরিকল্পিত আবাসিক এলাকায় রূপান্তরের লক্ষ্যে বহুতল আবাসন নির্মাণের প্রস্তাব দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। এ বিষয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়েছেন।
ডিও পত্রে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভূমিহীন মানুষের পুনর্বাসনের উদ্দেশ্যে চনপাড়ায় প্রায় ১২৬ একর জমির ওপর পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়। বর্তমানে সেখানে প্রায় ১৬ হাজার পরিবারের ৭০ থেকে ৮০ হাজার মানুষ বসবাস করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে অপরিকল্পিত বসতি, অতিরিক্ত জনসংখ্যা, অপর্যাপ্ত অবকাঠামো এবং নাগরিক সুবিধার সংকটের কারণে এলাকাবাসী নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন।
চিঠিতে বলা হয়েছে, বহুতল আবাসন নির্মাণের মাধ্যমে একই জমিতে অধিক সংখ্যক পরিবারের নিরাপদ ও মানসম্মত বসবাসের ব্যবস্থা করা সম্ভব হবে। পাশাপাশি রাস্তা, ড্রেনেজ, সুপেয় পানি, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার ও অন্যান্য নাগরিক সুবিধা পরিকল্পিতভাবে গড়ে তোলা যাবে।
সংসদ সদস্য আরও উল্লেখ করেন, চনপাড়াকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য আবাসিক এলাকায় রূপান্তর করা গেলে অপরাধপ্রবণতা কমবে, সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। একই সঙ্গে সরকারি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।
ডিও লেটারে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত একটি সমীক্ষা পরিচালনা, প্রকল্প প্রণয়ন এবং পর্যায়ক্রমে বহুতল আবাসন নির্মাণের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। তিনি আশা প্রকাশ করেন, সরকারের আন্তরিক উদ্যোগে চনপাড়ার হাজারো পরিবার একটি পরিকল্পিত ও আধুনিক আবাসন ব্যবস্থার আওতায় আসবে।
এদিকে চনপাড়ার বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিনের আবাসন সংকট, অপরিকল্পিত পরিবেশ ও নাগরিক সুবিধার অভাব দূর করতে বহুতল আবাসন প্রকল্প বাস্তবায়ন হলে এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং চনপাড়া একটি আধুনিক ও সুপরিকল্পিত আবাসিক এলাকায় পরিণত হবে।