
বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, পল্লী উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামীণ অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সমাজে সততা ও নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে এবং সবাইকে হারাম উপার্জন থেকে বিরত থেকে হালাল উপার্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, কৃষক, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। এজন্য সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে পল্লী উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।