
আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পুরো এলাকা জুড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং মিছিলে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
বিক্ষোভ মিছিলটি আড়াইহাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে বিরোধী কণ্ঠ রোধ করতেই একের পর এক অপচেষ্টা চালানো হচ্ছে।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা আরও বলেন, আড়াইহাজারসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গুম-হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিরোধী রাজনীতিকে স্তব্ধ করার চেষ্টা চলছে। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তারা অবিলম্বে হামলা-মামলা ও দমন-পীড়নের রাজনীতি বন্ধের দাবি জানান। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন আরও জোরদার হবে বলেও ঘোষণা দেন তারা।