
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১৫ জুন) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিক সংগঠনটির পক্ষ থেকে শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের চলমান কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মাহবুবুর রহমান মাসুমসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রশাসন ও সাংবাদিক নেতৃত্বের এ সৌহার্দ্যপূর্ণ সমাবেশে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা গুরুত্ব পায়।
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহির আহমেদ এবং কার্যকরী সদস্য মোক্তার হোসেন, সুজন হোসেন ও শাহজাহান চৌধুরী মাসুম।
বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্বশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা বজায় রাখার বিষয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন আরও জোরদার করা প্রয়োজন।
এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা শাখার ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।