
বর্তমান নিউজ ডেস্ক :
নরসিংদীর তরুণ কনটেন্ট ক্রিয়েটর শান্ত ও তার টিম দেশসেরা কনটেন্ট নির্মাতা হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রমধর্মী, বিনোদনমূলক ও সমাজসচেতনতামূলক কনটেন্ট তৈরি করে অল্প সময়েই তারা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক জমকালো সম্মাননা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে শান্ত ও তার টিমকে “দেশ সেরা কনটেন্ট ক্রিয়েটর” সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের সৃজনশীলতা, ইতিবাচক বার্তা ও তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন বিষয়, সমসাময়িক ঘটনা, হাস্যরসাত্মক ভিডিও এবং তরুণদের জীবনধর্মী কনটেন্ট তৈরি করে আসছেন শান্ত ও তার টিম। তাদের ভিডিওগুলো নিয়মিতভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে এবং লাখো দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।
পুরস্কার গ্রহণ শেষে শান্ত বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, পুরো টিমের। দর্শকদের ভালোবাসা, সমর্থন ও দোয়ার কারণেই আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি। ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কনটেন্ট উপহার দিতে চাই।”
এদিকে শান্ত ও তার টিমের এই সাফল্যে নরসিংদীবাসীর মাঝেও আনন্দের ছাপ দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, এ অর্জন জেলার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে এগিয়ে যেতে উৎসাহ দেবে।