
স্টাফ রিপোর্টার :বর্তমান নিউজ ডেস্ক :
দেশের প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও ঝরে পড়া কমাতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় “মিড-ডে মিল” চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিচাহিদা পূরণ, স্কুলে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার—যেমন ডিম, রুটি, ফলসহ প্রয়োজনীয় খাদ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে। এতে শিশুদের অপুষ্টি দূর হওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল পরিচয়পত্র (Edu-ID) চালু এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মিড-ডে মিল চালু হলে শিক্ষার্থীদের স্কুলমুখী হওয়া বাড়বে এবং দরিদ্র পরিবারের অনেক শিশু শিক্ষার ধারায় টিকে থাকতে পারবে।
তবে এই কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত বাজেট, খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং সঠিক তদারকি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।