
রূপগঞ্জ প্রতিনিধিঃ মো সজিব মিয়া।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সেলিম আহমেদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কায়েতপাড়া ইউনিয়নের একটি এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় কায়েতপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, রাস্তা-ঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি ইউনিয়নের উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে হবে। এ ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সেলিম আহমেদ।
মতবিনিময় সভায় সেলিম আহমেদ বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কায়েতপাড়া ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সেলিম আহমেদ এসব সমস্যা সমাধানে জনগণের সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।