
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগ নিয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরে গরিব, অসহায় ও অসচ্ছল মানুষের চোখের ছানি অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
ফাউন্ডেশনের উপদেষ্টা আনিকা ইসলামের উদ্যোগ ও সহযোগিতায় অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভোগা অসচ্ছল রোগীদের চিকিৎসার আওতায় আনা হয়। বিশেষ করে ছানির কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া রোগীদের অপারেশনের ব্যবস্থা করায় উপকারভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্টরা জানান, অর্থের অভাবে অনেক দরিদ্র রোগী দীর্ঘদিন ধরে চোখের ছানি নিয়ে দুর্ভোগ পোহাচ্ছিলেন। তাদের কথা বিবেচনা করেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অর্থের অভাবে যে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না, ফাউন্ডেশনের সহযোগিতায় সেই চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে।
ফাউন্ডেশনের উপদেষ্টা আনিকা ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে অসচ্ছল মানুষের চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক প্রয়োজন পূরণ করা সম্ভব।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এমন মানবিক উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, অসহায় মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করা সমাজের প্রতি দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।