
নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি।
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মানবিক উদ্যোগ নিয়েছে ‘আমরা জুলাইযোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে ২ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতাল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। ও বিএনপি নেতা মোঃ মোজাম্মেল হক। এছাড়াও ‘আমরা জুলাইযোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের ও অসহায় মানুষের জন্য ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য করতে ২ হাজার কিট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। ডেঙ্গুর মতো একটি জনস্বাস্থ্য সংকটে সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি ‘আমরা জুলাইযোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা শাখার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষের কল্যাণে তাদের সামাজিক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন।
পরে হাসপাতাল প্রাঙ্গণে ২ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মী ও অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।