
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় একজনকে মারধর করে আহত করারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মো. নাঈম সিকদার নামে এক ব্যক্তি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ১৯ আগস্ট রাত ৩টা ৩০ মিনিটে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরাচালা এলাকায় এ ঘটনা ঘটে। নাঈম সিকদারের অভিযোগ, মো. হাফিজুল ইসলাম ও মো. সাকিফুল ইসলামসহ কয়েকজনের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠি, লোহার রড, হকিস্টিক ও রামদা নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান এবং দুটি সিসি ক্যামেরা ভেঙে ফেলেন। এ সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ সময় অভিযোগকারীর সহকর্মী মো. বাঁধন (২৩) ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
নাঈম সিকদার আরও অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তদের পক্ষ থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণ রয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাঈম সিকদার।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”