
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাগে জান্নাত ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের চাষাড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের দায়িত্বশীল সদস্যবৃন্দ, টুর্নামেন্টের আয়োজক কমিটি, তত্ত্বাবধায়ক কমিটি, সহযোগী কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিকভাবে সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব বলে তারা মনে করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি তরুণরা মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়বে এবং এলাকার যুবসমাজ সামাজিক বন্ধনে আরও দৃঢ়ভাবে আবদ্ধ হবে।”
তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়দের প্রত্যাশা, বাগে জান্নাত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি এলাকার সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।