
নিজস্ব প্রতিবেদক:
সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর গত ১৭ বছরে আরোপিত বিভিন্ন ‘কালো আইন’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজ ও গণমাধ্যম সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিতর্কিত বিভিন্ন আইন সংশোধনের দাবি জানানো হচ্ছিল। সেই প্রেক্ষাপটে সরকার বিদ্যমান আইনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে।
আতিকুর রহমান রুমন জানান, যেসব আইন স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, সাংবাদিক সংগঠন এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে পর্যালোচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী এসব আইনে সংশোধন, সংযোজন কিংবা বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য একটি স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সাংবাদিকরা ভয়ভীতি বা অযাচিত আইনি চাপ ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি তথ্যের অপব্যবহার ও অপপ্রচার রোধে প্রয়োজনীয় আইনি ভারসাম্যও বজায় রাখা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেসসচিব। আইন সংস্কার কার্যক্রমে সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম মালিক, আইনজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।