
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডিতে সংসদ সদস্য কোটায় নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২-এর বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার এ মনোনয়ন প্রদান করেন।
একই সঙ্গে সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানাকেও গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। কৃষি গবেষণা ও নীতিনির্ধারণী কার্যক্রমে সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ অনুযায়ী গভর্নিং বডিতে সংসদ সদস্য কোটায় দুইজন সদস্য মনোনয়নের ক্ষমতা জাতীয় সংসদের স্পিকারের ওপর ন্যস্ত। সেই বিধান অনুসারেই অ্যাডভোকেট আবুল কালাম ও শিরীন সুলতানাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল দেশের কৃষি গবেষণার সমন্বয়, নীতিমালা প্রণয়ন, গবেষণার অগ্রাধিকার নির্ধারণ এবং বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্টদের মতে, নতুন দুই সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে কাউন্সিলের নীতিনির্ধারণী কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।
এদিকে, গভর্নিং বডিতে অ্যাডভোকেট আবুল কালামের অন্তর্ভুক্তিকে তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সমর্থকরা ইতিবাচকভাবে দেখছেন। তারা আশা করছেন, কৃষি গবেষণা ও কৃষকের কল্যাণে কার্যকর নীতিগত সিদ্ধান্ত গ্রহণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।