
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাসপাতালের মেডিকেল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, চিকিৎসা নিতে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিউল বারী রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে অবহেলা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে রোগী ও তার স্বজনরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনেন।
ভুক্তভোগী অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে হাসপাতালের মেডিকেল সুপারের কাছে অভিযোগ জমা পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত চিকিৎসক ডা. আতিউল বারী কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।