
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তার কাছে ব্যাখ্যা চেয়েছে জেলা বিএনপি।
রোববার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সোমবার (১ জুন) বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম বিডিআরের বক্তব্য দলীয় আদর্শ ও সাংগঠনিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, গত ৩০ মে পিরোজপুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেন। পরবর্তীতে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দলীয় নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়।
Did you like this feature