
বর্তমান নিউজ ডেস্ক :
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে দেখা দিয়েছে নতুন মেরুকরণ। দীর্ঘদিন মডেল মাসুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল এবং বিএনপির একাধিক সিনিয়র নেতৃবৃন্দ হঠাৎ করেই অবস্থান পরিবর্তন করে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিবের পক্ষে অবস্থান নিয়েছেন।
সূত্র জানায়, সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে ধারাবাহিক বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হন নেতৃবৃন্দ। এসব বৈঠকে তৃণমূল নেতাকর্মীদের মতামতও নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে রাকিবুল ইসলাম রাকিবকে সমর্থন দেওয়ার ঘোষণা আসে।
নেতৃবৃন্দরা জানান, বর্তমান প্রেক্ষাপটে এমন একজন প্রার্থী প্রয়োজন যিনি জনপ্রিয়তার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা ও আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তাদের মতে, রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা, দাতব্য কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন।
একাধিক নেতা বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে কাজ করছি। আমাদের মূল্যায়ন, ত্যাগ ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি প্রয়োজন। আমরা বিশ্বাস করি, রাকিবুল ইসলাম রাকিব নির্বাচিত হলে তৃণমূল থেকে শুরু করে সিনিয়র নেতাকর্মীদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করবেন।”
তারা আরও বলেন, নাসিক নির্বাচনে বিজয় অর্জনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। তাই বিভাজন নয়, বরং ঐক্যের ভিত্তিতে শক্তিশালী প্রার্থীকে সামনে এনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রাকিবুল ইসলাম রাকিবের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তিনি ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করছেন। তরুণ প্রজন্ম ও সাধারণ ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি করা হচ্ছে।
অন্যদিকে, মডেল মাসুদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই অবস্থান পরিবর্তন নাসিক নির্বাচনের সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।
বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই জোট-বদল, সমর্থন পরিবর্তন এবং কৌশলগত অবস্থান নেওয়ার প্রবণতা বাড়বে—যা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।