1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন গালিবের মায়ের চাকরির ব্যবস্থা করল বগুড়া সিটি করপোরেশন মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের জনি হত্যা মামলায় এবার এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার চমেক হাসপাতালে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন

মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে মজুরি বোর্ড।

মাহদী আমিন জানান, গত তিন বছরে গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকার দ্রুততম সময়ে নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

তিনি বলেন, মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এমন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি ঘোষণা করায় বোর্ডের সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় বাড়িভাড়া ও পরিবহন ব্যয়ও বেড়ে যায়। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা শুরু করেছে।

তিনি বলেন, বেতন বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ বাড়িভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের চর্চা বন্ধের উদ্যোগ নেওয়া হবে। একইভাবে হঠাৎ বাসভাড়া ও পরিবহন ব্যয় বাড়ানোর প্রবণতা নিয়ন্ত্রণেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

শ্রমিকদের আবাসন সমস্যার বিষয়ে মাহদী আমিন বলেন, শ্রমিক প্রতিনিধিদের মতামত বিবেচনায় নিয়ে শ্রমিক অধ্যুষিত এলাকায় বড় অ্যাপার্টমেন্ট বা বহুতল ভবন নির্মাণের মাধ্যমে আবাসন সুবিধা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ উদ্যোগের বিষয়ে ইতিবাচক।

গার্মেন্টস শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের সমস্যা ছাড়াও জ্বালানি সংকটসহ নানা প্রতিবন্ধকতা রয়েছে। এসব মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের কাজ চলছে। পাশাপাশি জ্বালানির উৎস বৈচিত্র্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, শ্রমিক অধ্যুষিত এলাকায় ওএমএস ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। আগামী দিনে আরও বেশি শ্রমিকের কাছে এ সুবিধা পৌঁছে দিতে খাদ্য মন্ত্রণালয়কে কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শ্রমিক অধ্যুষিত এলাকায় ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের মতামতের ভিত্তিতে হাসপাতালের সংখ্যা বাড়িয়ে সাতটি করার সিদ্ধান্ত হয়েছে। এসব হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান মাহদী আমিন। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চলমান এ কার্যক্রমের আওতায় দ্রুততম সময়ে গার্মেন্টস শ্রমিকদের অন্তর্ভুক্ত করার বিষয়ে কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে এ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিল্প ও শ্রমিকদের পারস্পরিক সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, শিল্প এবং শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্পের বিকাশ ঘটলে কর্মসংস্থান বাড়বে এবং মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। তাই শ্রমিক, মালিক ও সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাহদী আমিন বলেন, ন্যূনতম মজুরি মানেই সর্বোচ্চ সীমা নয়। যেসব মালিকের সক্ষমতা রয়েছে, তারা চাইলে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন দিতে পারেন। তবে যাদের সক্ষমতার ঘাটতি রয়েছে, তাদের অবশ্যই আইন মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বিপুলসংখ্যক কারখানা শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। এ পরিবেশ বজায় রাখতে হবে। শ্রমিকরা যেন আনন্দের সঙ্গে কাজে যোগ দেন এবং উৎপাদন অব্যাহত থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে কারখানাগুলোতে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের শিল্পকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগান যেন স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশের পরিচয় হয়ে ওঠে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park