1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের দাবি ড. ইউনূসের আ.লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান নেই: রাষ্ট্রদূত নারায়ণগঞ্জে তারেক জিয়া পরিষদের ৪৪ সদস্যের কমিটি অনুমোদন ইনু-দীপুসহ চারজনের অব্যাহতির শুনানি ২৬ নভেম্বর চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসিরুদ্দিন পাটোয়ারী ফুলবাড়ীতে চাঁদা দাবির অভিযোগে মাই টিভির ফিজারুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন হামলার তিন দিন পরও আতঙ্কে বেন্দারচরের বাসিন্দারা নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের দাবি ড. ইউনূসের

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেছেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু চলতি মাসেই দেশের প্রায় ১০০টি শাখা হামলার শিকার হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশ নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকটির মালিক।

বিবৃতিতে আরও বলা হয়, নভেম্বরের শুরু থেকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে এসব ঘটনাকে পরিকল্পিত বলে মনে হচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এতে লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ড. ইউনূস বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। ব্যাংকটির সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park