
বর্তমান নিউজ ডেস্ক
হামলা ও অগ্নিসংযোগের তিন দিন পার হলেও নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে স্বাভাবিক জীবন ফেরেনি। দিনে পোড়া ভিটায় ফিরলেও রাত নামলেই আতঙ্কে গ্রাম ছাড়ছেন নারী ও শিশুরা। পুলিশি পাহারা থাকলেও ক্ষতিগ্রস্তদের মধ্যে নিরাপত্তাহীনতা কাটেনি।
সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি গলিতে পোড়া ঘরের কালো দাগ। কোথাও দেয়াল ভাঙা, কোথাও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে, আবার কোথাও লুটপাটের শিকার বাড়িতে ঝুলছে তালা। গ্রামের প্রবেশমুখ ও বিভিন্ন মোড়ে পুলিশ ও এসআরবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। গ্রামে পুরুষদের উপস্থিতি খুবই কম। বেশির ভাগ বাড়িতে নারীরা পোড়া ঘর পরিষ্কার করছেন এবং হারানো সংসার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
গ্রামের ক্ষতিগ্রস্ত আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম নিজের পোড়া একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে বলেন, তাদের ছয়টি ঘরের একটিও রক্ষা পায়নি। রান্নাঘর, গোয়ালঘর ও খড়ের পালাসহ সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। যা নেওয়ার নিয়েছে, বাকিটা আগুনে পুড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান, গত রাতেও তার ঘরের গ্রিল ভাঙার শব্দ শুনেছেন। আলো নিয়ে বাইরে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গ্রামের আরেক ক্ষতিগ্রস্ত নারী পারভিন বেগম বলেন, রাতে বাড়িতে থাকার মতো সাহস পান না তারা। নারীরা কেউ নিরাপদ বোধ করছেন না। আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের।
পিকলু বিশ্বাসের স্ত্রী অভিযোগ করেন, তাদের টাকা-পয়সা ও মালামাল সব লুট হয়ে গেছে। পুলিশ আসার পর কিছুটা ভয় কমলেও এখনো পুরোপুরি নিরাপত্তা ফিরে আসেনি।
স্থানীয়দের দাবি, শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ধারাবাহিকভাবে হামলা চালানো হয়। এতে ৬০টির বেশি ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটও করা হয়েছে।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঢাকা পোস্টকে বলেন, বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে এখনো কোনো মামলা হয়নি। সাবেক সংসদ সদস্যের আত্মীয়-স্বজনদের ৫-৬টি পরিবারের ১৫-১৬টি বাড়িঘর আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতারা। কালিয়া পৌর বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম বলেন, বাইরের বিক্ষুব্ধ লোকজন কিছু ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অন্যদিকে, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুর ইসলাম মিলু জানান, বুধবার (১৮ নভেম্বর) তাদের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। ওই হামলায় তাদের দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম নিহত হন। তারা শোকাহত, তবে ভাঙচুরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
ব/নি-ব/ত