
বর্তমান নিউজ ডেস্ক
২০২৭ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর ৬ নম্বর উপধারা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
এতে আরও বলা হয়, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য হজযাত্রীদের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
ব/নি-ব/ত