
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আগুনসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষা পুকুরপাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) এবং সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
স্থানীয়দের দাবি, বিএনপি নেতা নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর নেতৃত্বে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময় ওই বাড়িতে জড়ো হয়ে ঝটিকা মিছিলসহ দলীয় কর্মসূচি পালন করতেন। কয়েক দিন আগে ওই বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। সেই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রকাশ করা হয়েছিল বলে জানান স্থানীয়রা।
গ্রেপ্তার নিশাদের দাবি, তিনি একজন পোশাকশ্রমিক। মুন্না বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাঁকে মিছিলে যেতে বাধ্য করতেন। বিএনপি নেতার এক ভাই রাজনৈতিক পরিচিতি এবং আরেক ভাই সাংবাদিক হওয়ায় ওই বাড়িকে নিরাপদ মনে করে সেখানে একাধিক কর্মসূচি ও গোপন বৈঠক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তাঁদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া দেশ-বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গ্রুপ চ্যাটের তথ্যও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।