
বর্তমান নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাক্ষ্যের শুরুতে তাসলিমা জাহান পপি জানান, তিনি মামলার আসামি জিয়াউল আহসানকে চেনেন। মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন বলেও জানান তিনি।
এদিন সাক্ষ্যগ্রহণের সময় ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত ‘র্যাবের গুলিতে যুবক নিহত’ শিরোনামের একটি প্রতিবেদনের কপি জমা দেন তিনি। একই বছরের ১৬ আগস্ট প্রকাশিত আরেকটি প্রতিবেদনও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।
নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসান সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছেন।
গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যগ্রহণের জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা এবং বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে আরও শতাধিক হত্যার অভিযোগ রয়েছে।
এসব অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়।
ব/নি-ব/জ