
বর্তমান নিউজ ডেস্ক
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
পরিদর্শক দলের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্যতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হলে আগে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রথমত, পরিচ্ছন্নতা বজায় রাখা। নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি।
দ্বিতীয়ত, বৃক্ষরোপণ। বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ। পশুপাখিসহ সব ধরনের প্রাণীর প্রতি মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ব/নি-ব/জ