1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের আহ্বান সড়কের বেহাল দশায় ১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সোমবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী সংসদ ভবনে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, দিলেন তিনটি বিশেষ পরামর্শ গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, ফেনীতে যাচ্ছেন হাবীবুল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ, সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা গোপালগঞ্জের এসপি পদে রদবদল, ফেনীতে পদায়ন হাবীবুল্লাহর ক্যানারি দ্বীপে একদিনে রেকর্ড ১ হাজার ৪৮৮ অভিবাসী পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

শেখ হাসিনার পুনর্বিচার চায় ভারত, প্রশ্ন তুললেন চিফ প্রসিকিউটর

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে একবার বিচার সম্পন্ন হওয়ার পর দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। ভারতের বিচারব্যবস্থায়ও একসময় পুনর্বিচারের বিধান থাকলেও তা বাতিল করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে এ ধরনের প্রক্রিয়াকে ‘ডিনেবো ট্রায়াল’ বা পুনর্বিচার বলা হয়। অর্থাৎ কোনো অপরাধের বিচার একবার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে আবার বিচার করার প্রক্রিয়া। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান ছিল। তবে বর্তমানে এসব দেশে সেই বিধান কার্যকর নেই বলে তিনি উল্লেখ করেন।

ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, যে দেশে পুনর্বিচারের চর্চা নেই, সেই দেশ অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দিতে পারে? বাংলাদেশে পুনর্বিচারের কোনো পদ্ধতি নেই। তবে প্রচলিত আইনে আপিলের সুযোগ রয়েছে।

ভারতের পরামর্শ প্রসঙ্গে তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি ভারত সরকার শুরু থেকেই জানত। তাঁর আশ্রয় নেওয়ার বিষয়টিও তাদের জানা ছিল। তাহলে বিচারপ্রক্রিয়া চলাকালে কেন তাঁকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেওয়া হয়নি? কেন তাঁকে নির্ধারিত সময়ে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি? বিচারের সময় ও আপিলের সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের বক্তব্য তাঁরা প্রত্যাখ্যান করেন। একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই। শেখ হাসিনার আপিলের সুযোগ সরকার কিংবা চিফ প্রসিকিউটর কেউ ইচ্ছা করলেই দিতে পারবেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ প্রণয়ন করেছিল আওয়ামী লীগ সরকার। পরবর্তী সময়ে ২০১০ সালে এই আইনের অধীনে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিধিমালা প্রণয়ন করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত এই আইন ও বিধিমালা অনুসরণ করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।

বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, বিদ্যমান আইন অনুযায়ীই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনে আপিলের যে বিধান রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনে কোনো সুযোগ না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও তা দেওয়ার এখতিয়ার নেই।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park