
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এই লক্ষ্য ঠেকাতে শুরুতেই কয়েকটি উইকেট নেওয়া জরুরি ছিল। কিন্তু প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয় ২১তম ওভার পর্যন্ত। শরিফুল ইসলামের বলে জন ক্যাম্পবেল বোল্ড হলে ভাঙে ১১২ রানের উদ্বোধনী জুটি।
ক্যাম্পবেলকে ফিফটি করতে না দেওয়ায় স্বস্তি পেলেও ততক্ষণে ম্যাচে জয়ের পথে অনেকটা এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে আউট হন ক্যাম্পবেল।
অন্য প্রান্তে নিজের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে নেন ব্র্যান্ডন কিং। ৪৪ রানে থাকা অবস্থায় দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে জীবন পান তিনি। বলটি সীমানা পেরিয়ে যাওয়ায় চারও পেয়ে যান কিং। পরের বলে আরেকটি চার মেরে ৬৮ বলে ফিফটি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।
শান্ত আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়ায় বাংলাদেশকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। এর আগে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ ৬ উইকেটে ৭৯ রান নিয়ে। ১৮ রানে অপরাজিত থেকে দিন শুরু করা নাঈম হাসান ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেন। তাঁর ব্যাটে বাংলাদেশের ইনিংস থামে ১৪২ রানে।