
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ শনিবার (৩১ অক্টোবর)। ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার ও জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি মারুফা। এবার তিনি জিপিএ ৩ দশমিক ১৭ পেয়ে পাস করেছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে এ গ্রেড পেয়েছেন শ্রাবণ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এবার পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন চারজন। এ গ্রেড পেয়েছেন ৬২ জন, এ মাইনাস ৪২ জন, বি গ্রেড ২৬ জন এবং সি গ্রেড পেয়েছেন তিনজন। বিকেএসপির নারী ক্রিকেট দলের সবাই পাস করেছেন; তাঁদের মধ্যে অনেকে এ গ্রেড পেয়েছেন।
জাতীয় নারী ফুটবল দলের ছয়জন খেলোয়াড়ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে স্বর্ণা রাণী মণ্ডল সর্বোচ্চ জিপিএ ৪ দশমিক ০০ পেয়েছেন। নবিরন, ঐশী, বন্যা ও স্বপ্না বি গ্রেডে পাস করেছেন।