
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া।
শনিবার (৩১ অক্টোবর) উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন রাওয়ার নেতারা।
সাক্ষাৎ শেষে সংগঠনটির যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁরা সেখানে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ ঘটনায় তাঁদের কোনো সহায়তা প্রয়োজন কি না, তাও জানতে চেয়েছেন।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথা বলার প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পরিবার তাঁদের জানিয়েছে।
তাহসিফের মৃত্যু ডিফেন্স কমিউনিটির সদস্যদের জন্য অত্যন্ত কষ্টের উল্লেখ করে আবু নওরোজ খুরশিদ আলম বলেন, তাঁরা দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশা করছেন। পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।
এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, তাঁরা ঘটনাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে এনে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।