
হুমায়ুন কবির সাদী।আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে সব ওলামায়ে কেরাম ও দ্বীনি সংগঠনের সম্মিলিত উদ্যোগে বৃহৎ দ্বীনি সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক জহির বিন নূর।
তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সম্মেলন আয়োজন ও বাস্তবায়নে আন্তরিকতা, শ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তবে সময়ের দাবি হলো, আড়াইহাজারের সব ওলামায়ে কেরাম ও দ্বীনি সংগঠন পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একত্র হয়ে একটি বৃহৎ সম্মেলন বা দ্বীনি কর্মসূচি আয়োজন করতে পারে কি না।
জহির বিন নূর বলেন, পৃথক প্রচেষ্টার পাশাপাশি সম্মিলিত উদ্যোগই হতে পারে শক্তি, সাফল্য ও প্রেরণার নতুন দিগন্ত। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে একটি সম্মেলন শুধু আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং দ্বীনি অঙ্গনে ভ্রাতৃত্ব, সংহতি, পারস্পরিক আস্থা ও ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত ও সাংগঠনিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দ্বীনের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা, বিভক্তির পরিবর্তে ঐক্য এবং বিচ্ছিন্নতার পরিবর্তে সম্মিলিত অগ্রযাত্রাকে প্রাধান্য দিতে হবে।
এ সময় পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ দ্বীনি কর্মসূচির ভিত্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টাই আড়াইহাজারে দ্বীনি জাগরণকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করে তুলতে পারে।