
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিনা মূল্যে চিকিৎসাসেবার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম এক দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর যুবদলের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে অসহায় ও দুস্থ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।
তিনি বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এটি একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।
আবুল কালাম আরও বলেন, বিগত সরকারের সময় যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের উন্নয়ন ও জনকল্যাণের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত চালিয়ে গেলে দরিদ্র মানুষ সহজে প্রয়োজনীয় সেবা পাবেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য ডা. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব ও জাকির হোসেন সেন্টুসহ আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূঁইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, হাবিবুর রহমান মাসুদ, আবদুল কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ ও মাহফুজুর রহমান ফয়সালসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে ক্যাম্পে আসা অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।