
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ উপজেলার খানদিঘী শিকারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসটি বাগিচাহাটের উত্তরে খানদিঘী শিকারীপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
পরে আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরে রেকার ও ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এ ছাড়া সড়কের সামান্য বাঁক থাকায় ভোররাতে দ্রুতগতিতে চলাচলকারী যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।