
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে আদালত প্রাঙ্গণে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে প্রার্থী বাছাই নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী নির্ধারণে সরাসরি ভোটের দাবি জানিয়েছেন দলটির আইনজীবীদের একটি বড় অংশ।
বিএনপিপন্থী আইনজীবীদের সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপির প্যানেল গঠন নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় অভ্যন্তরীণ বিভক্তি বাড়ছে। এ পরিস্থিতিতে একক সিদ্ধান্তে প্রার্থী মনোনয়ন দেওয়া হলে তা সবাই মেনে নেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের দাবি উঠেছে।
দাবির পক্ষে থাকা আইনজীবীদের বক্তব্য, ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এতে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যকার বিরোধ কমার পাশাপাশি আইনজীবীদের মতামতের প্রতিফলন ঘটবে। আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী নির্ধারণের প্রত্যাশা করছেন তাঁরা।
একাধিক বিএনপিপন্থী আইনজীবীর অভিযোগ, ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোটকেন্দ্র দখল, আইনজীবীদের মারধর এবং ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার অভিযোগ ছিল। তাঁদের দাবি, সে সময় রাজনৈতিক প্রতিকূলতা ও হামলা-মামলার আশঙ্কায় বিএনপিপন্থী অনেক আইনজীবী নির্বাচনে অংশ নিতে কিংবা ভোট দিতে আগ্রহী হননি। তবে বর্তমানে তাঁদের মধ্যে কেউ কেউ প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন।
এ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশের বক্তব্য, রাজনৈতিক প্রতিকূল সময়ে যারা সক্রিয় ছিলেন এবং হামলা-মামলা ও নির্যাতনের অভিযোগ উপেক্ষা করে সংগঠনের পাশে ছিলেন, প্রার্থী বাছাইয়ে তাঁদের ভূমিকা বিবেচনায় নেওয়া উচিত। তাঁদের মতে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তত্ত্বাবধানে প্রার্থী বাছাইয়ের নির্বাচন আয়োজন করা হলে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়নের সুযোগ তৈরি হবে।
তাঁরা আরও মনে করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সিদ্ধান্তে প্রার্থী মনোনয়ন না দিয়ে আইনজীবীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা হলে সংগঠনের ঐক্য ও গণতান্ত্রিক চর্চা জোরদার হবে।
সব মিলিয়ে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, নাকি অন্য কোনো প্রক্রিয়ায় প্যানেল চূড়ান্ত হবে—এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।