
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসব উদ্যাপনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দুর্গোৎসব যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
পরিদর্শনকালে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার প্রত্যাশাও তুলে ধরা হয়।