
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযানে ৮৪ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যবস্থা নেওয়া হয়েছে, ওনাকে সংযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং চালু হবে। আমরা আইনানুগ সব প্রক্রিয়া অবলম্বন করব।’ তিনি আরও বলেন, ‘কার কী পরিচয়, সেটা আমরা দেখব না।’
অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। ভাটারার ওই বাড়িতে অভিযান চালানোর পর তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করার প্রক্রিয়াও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালায়। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।
অভিযানে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় মোট ৮৪ জনকে আটক করা হয়, যাঁদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটেরা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন বলে জানান তিনি।
ঘটনাটি ঘিরে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে মাদকবিরোধী অভিযান এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।