1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

পদ্মা সেতুর প্রভাবে কর্মহীন হাজারো মানুষ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

একসময় যানবাহনের দীর্ঘ সারি, যাত্রীদের অপেক্ষা আর মানুষের কোলাহলে দিন-রাত মুখর থাকত পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রধান এই নৌপথে ফেরি পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো যাত্রী ও চালকদের। আর সেই অপেক্ষাকে কেন্দ্র করেই জমজমাট ছিল ঘাট এলাকার ব্যবসা-বাণিজ্য। তবে পদ্মা সেতু চালুর পর বদলে গেছে চিরচেনা সেই দৃশ্যপট। কমেছে যানবাহন ও যাত্রীর চাপ, কমেছে ফেরির ব্যস্ততা। এর প্রভাবে জীবিকা হারিয়ে সংকটে পড়েছেন ঘাটকেন্দ্রিক হাজারো মানুষ।

একসময় ফেরিতে ফেরিতে ঘুরে খাবার বিক্রি করতেন হকাররা। ঘাট এলাকায় ছিল ছোট ছোট হোটেল, চায়ের দোকান ও বিভিন্ন পণ্যের দোকান। যাত্রীদের ভিড়ে দিনভর চলত বেচাকেনা। কিন্তু পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কমে যাওয়ায় এসব ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন অনেক হকার। যারা এখনো ব্যবসা ধরে রেখেছেন, তাদের আয়ও আগের তুলনায় অনেক কমে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিন যে পরিমাণ বেচাকেনা হতো, এখন তার সামান্য অংশও হয় না। মাঝেমধ্যে দু-একটি যানবাহন বা যাত্রী এলে কিছু বিক্রি হয়। বাকি সময় ক্রেতার অপেক্ষায় অলস বসে থাকতে হয়। আয় কমে যাওয়ায় অনেকের সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে।

পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাটের মুদি দোকানি মোখলেস বলেন, পদ্মা সেতু চালুর আগে আল্লাহর রহমতে ভালো আয় হতো। তা দিয়ে সংসারও ভালোভাবে চলত। কিন্তু এখন গাড়ি, যানজট ও মানুষের উপস্থিতি অনেক কমে গেছে। বর্তমান আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

হোটেল ব্যবসায়ী হারুন বলেন, পদ্মা সেতু চালুর পর তাদের বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। আগে ভালো ব্যবসা হলেও এখন নিজের সংসার চালানোই কঠিন। কোনোমতে ডাল-ভাত খেয়ে দিন পার করছেন তারা।

ফেরিঘাট এলাকার আনারস বিক্রেতা আব্দুল জলিল বলেন, পদ্মা সেতু হওয়ার পর যানবাহন ও যাত্রী কমে যাওয়ায় তাদের বেচাকেনাও কমেছে। বর্তমানে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন তারা।

সামাদ নামের এক হকার জানান, বর্তমানে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। পরিবারে তিনি একাই উপার্জন করেন। ফলে এই সামান্য আয় দিয়ে সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।

শুধু ব্যবসায়ীরাই নন, পরিবর্তিত পরিস্থিতিতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও যানবাহন চালকরাও। তাদের ভাষ্য, আগে ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও এখন অনেক সময় যানবাহনের অপেক্ষায় বসে থাকে ফেরি। পর্যাপ্ত যানবাহন না থাকায় ফেরি ছাড়তেও দেরি হয়। ফলে আগের মতো দীর্ঘ যানজট না থাকলেও ফেরিতে ওঠার অপেক্ষায় সময় নষ্ট হচ্ছে।

সোহাগ পরিবহনের বাস স্টাফ জাহাঙ্গীর হোসেন বলেন, আগের তুলনায় যানজট ও ভোগান্তি অনেক কমেছে। তবে ফেরিতে পারাপারের সময় এখনো নানা সমস্যায় পড়তে হয়। কখনো ফেরিতে উঠে গাড়ির অপেক্ষায় বসে থাকতে হয়, আবার কখনো ঘাটে গাড়ি থাকলেও ফেরি পাওয়া যায় না। বিশেষ করে রাজবাড়ী ও ফরিদপুরের যাত্রীদের দুর্ভোগ কমাতে এই নৌপথে একটি সেতু নির্মাণের দাবি জানান তিনি।

ফরিদপুরগামী যাত্রী তমাল হোসেনও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, আগে ঘাটে দীর্ঘ যানজট থাকলেও এখন তা অনেক কমেছে। তবে অনেক সময় ঘাটে পৌঁছে ফেরির জন্য অপেক্ষা করতে হয়। আবার ফেরি থাকলেও পর্যাপ্ত গাড়ি না থাকায় ছাড়তে দেরি হয়। এতে যাত্রীদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিও বাড়ে। এ সমস্যা সমাধানে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় ফেরি পরিচালনায় পরিবর্তন এসেছে। পদ্মা সেতু চালুর আগে এই নৌপথের পাঁচটি ঘাট দিয়ে ২০ থেকে ২২টি ফেরি চলাচল করত। বর্তমানে চারটি ঘাটে মোট ১৮টি ফেরি রয়েছে। তবে যানবাহনের চাহিদার ওপর ভিত্তি করে রোটেশন পদ্ধতিতে প্রতিদিন ৯ থেকে ১০টি ফেরি পরিচালনা করা হচ্ছে। আগের তুলনায় যানবাহনের চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এদিকে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ৩ নভেম্বর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর সেতুর অবস্থান, নকশা ও নির্মাণব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, পদ্মা সেতু চালুর আগে এই নৌপথে যে পরিমাণ যানবাহন চলাচল করত, বর্তমানে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। আগে পাঁচটি ঘাটে ২০ থেকে ২২টি ফেরি দিয়ে সেবা পরিচালনা করা হতো। এখন যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় চারটি ঘাটে থাকা ১৮টি ফেরির মধ্যে প্রতিদিন রোটেশন পদ্ধতিতে ৯ থেকে ১০টি ফেরি চালানো হচ্ছে।

সচেতন মহলের মতে, পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে। কমেছে দীর্ঘ যানজট ও ফেরির জন্য অপেক্ষার ভোগান্তি। তবে এর প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটকেন্দ্রিক অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন সংকট। একসময়ের কর্মব্যস্ত এই ঘাটে ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো মানুষ।

তাদের মতে, যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ঘাটের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবন-জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং ঘাটকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবনে সরকারের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park