
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের খুদে ফুটবলাররা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দলটি। এর এক মিনিট পরই ফাহিম দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে বাংলাদেশের একটি আত্মঘাতী গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ফিজি। তবে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন বায়েজিদ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশের পথচলা
এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বিশ্বকাপ আয়োজন করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে ১৮৯টি দল। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।
ওয়েলসের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারলেও গতকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে দলটি। এবার ফিজিকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ও একমাত্র জয়টি পেল বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
টুর্নামেন্টের পরবর্তী ধাপে প্লেট পর্বে খেলবে বাংলাদেশ। এ পর্বের সূচি আগামীকাল প্রকাশ করা হবে।