
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি শুরু করে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কের ওপর বাঁশ-কাঠে আগুন জ্বালিয়ে দেন।
পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে আন্দোলনরত শ্রমিকেরা মৌচাক এলাকার সাদমা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার ফটকে ভাঙচুর চালান।
খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করলেও মালিকপক্ষ তাদের বেতন-ভাতা বাড়াচ্ছে না। এ বিষয়ে একাধিকবার আবেদন করেও কোনো সাড়া পাননি তারা। ফলে বাধ্য হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও শিল্প পুলিশ রয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।