
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:হুমায়ুন কবির সাদী। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সহায়তাও প্রদান করা হয়েছে।
গত ২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত চার শিশু হলো—আল আমিনের মেয়ে ওজাইফা (১০), মুন্নার মেয়ে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) এবং রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার আগে শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে চার শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, কোনো একজন শিশু পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্য শিশুরাও পানিতে ডুবে যেতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিয়ে সংশ্লিষ্টরা তদন্ত করছেন।
চার শিশুর এমন করুণ মৃত্যুতে খানপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। সন্তান হারিয়ে পরিবারগুলোর মধ্যে চলছে গভীর শোক ও বেদনা।
এ অবস্থায় শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি পরিবারগুলোর সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং সরকারি সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
এদিকে মর্মান্তিক এ ঘটনা আবারও শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সচেতনতার প্রয়োজনীয়তা সামনে এনেছে। বিশেষ করে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের বিষয়ে শিশুদের প্রতি বাড়তি নজরদারি এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।